১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

তাদের অবরোধের কারণে দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

সাত দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সারা দেশের মতো বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের ফুলবাড়ী রেল ক্রসিং এ অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

তাদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে বলে জানিয়েছেন রেল সুপার জিয়াউর রহমান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।

এছাড়া কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের দাবিও করেছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী আবিদ হাসান ও সাদিকুল ইসলাম বলেন- তাদের দাবি না মানা পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।