চাঁদপুরে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২২
হাজীগঞ্জ থানার এসআই মো. আজিজ বাদী হয়ে রোববার মামলাটি দায়ের করেছেন।
চাঁদপুরে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে; তাদের মধ্যে ২২ জনকে আটকের পর জেল হাজতে পাঠানো হয়।
রোববার হাজীগঞ্জ থানার এসআই মো. আজিজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এর রহিম পাটওয়ারীসহ ১৮৬ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩৫০ নেতা-কর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
“এদের মধ্যে ২২ জনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় তাদের জেল হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
মামলার নথি থেকে জানা যায়, গত শনিবার বিকালে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। শোভাযাত্রা টোরাগড় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারে গেলে পূর্ববাজারে সেতুর উপর পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করছে টিয়ারসেল ও ফাঁকা গুলি করে।
