Published : 22 Jul 2026, 03:17 PM
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী।
আটকরা হলেন, মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারি ও মাসুদ আলম।
মোক্তারুজ্জামান রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে, মাসুদ একই উপজেলার চর কাছিয়া গ্রামের শামু মাঝির ছেলে, সাদেক চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আলী আহমদ মালের ছেলে এবং মানিক একই উপজেলার গন্ডামারা গ্রামের আব্দুল লতিফ বেপারীর ছেলে।
তল্লাশি করে তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, দুইটি চাকু, একটি চাপাতি, একটি রাম দা, একটি কিরিচ, দুইটি কোরাবাড়ি, স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, তিনটি মোবাইল, দুইটি নি ক্যাপ এবং মুখোশ হিসেব ব্যবহারের জন্য বেডশিটের অংশবিশেষ, ছেড়া লুঙ্গি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বলেন, একটি ডাকাত দল জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।