২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে গুম-খুন-নির্যাতনের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী

ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 08:32 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

আওয়ামী লীগ সরকারের আমলের অপকর্ম, গুম, খুন ও নির্যাতন নিয়ে ময়মনসিংহ শহরে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

তিন শতাধিক আলোকচিত্র নিয়ে শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে সচেতন নাগরিক সমাজ এই প্রদর্শনী করে। এর নাম দেওয়া হয়েছে ‘ফ‍্যাসিস্ট প্রদর্শনী’।

এ সময় প্রতিবাদী গান, কবিতা, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। 

প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব‍্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ‍্যক মানুষ অংশ নেন। 

এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ কে এম মাহাবুবুল আলম, বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, স্বেচ্ছাসেবক দলনেতা শহীদুল আমিন খসরু, আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, ছাত্রদল নেতা নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব‍্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটন।   

প্রদর্শনী থেকে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকরা। দাবিগুলো হল- সাগর হ‍ত‍্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস‍্যুদের গ্রেপ্তার, মাদক ব‍্যবসায়ী ও ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করা।