১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ক্ষমতায় গেলে দেড় বছরে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি’

ব্যবসাকে রাজনীতির বাইরে রাখার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

‘ক্ষমতায় গেলে দেড় বছরে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি’
সিলেট নগরে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাশ তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।”

শনিবার  দুপুরে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, “ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। 

“যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।”

দেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা ১৭ বছরে ধ্বংস করা হয়েছে দাবি করে তিনি বলেন, “আগের মত রাজনীতি করলে আর হবে না, মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে। তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।”

সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাবেক সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।