ফরিদপুরে ‘পলো বাওয়া উৎসবে’ মানুষের ঢল
কাইজার বিলের পাড়ে আসা বেশিরভাগ মানুষের হাতে ছিল মাছ ধরার নানা উপকরণ।
ফরিদপুর সদর উপজেলার একটি বিলে হয়ে গেল ‘পলো বাওয়া উৎসব’। গ্রাম বাংলার এই উৎসব আগে হরহামেশা দেখা গেলেও বর্তমানে তা খুব একটা চোখে পড়ে না।
শুক্রবার সূর্য উদয়ের আগে থেকে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর কাইজার বিলে মাছ ধরতে জড়ো হয় হাজারো মানুষ। বিলের পাড়ে আসা বেশিরভাগ মানুষের হাতে ছিল মাছ ধরার নানা উপকরণ।
দূর-দূরান্ত থেকে মাছ ধরার এই উৎসবে জড়ো হন নানা বয়সীর মানুষ। কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধও অংশ নেন এই উৎসবে। তবে অধিকাংশদের হাতে বাঁশ দিয়ে তৈরি করা পলো দেখা গেছে।
সকাল ৮টায় কাইজার বিলে পলো উৎসবের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। পলো দিয়ে মাছ ধরার উৎসব দেখতে বিলের চারপাশের রাস্তায় অবস্থান নেয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। এ ধরনের উৎসবে এসে খুশি আগতরা।
গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, এমন আক্ষেপ করে মাছ ধরতে আসা আবুল বাশার বলেন, “ছোট বেলায় পলো দিয়ে মাছ ধরতাম। বহু বছর পর পলো নিয়ে মাছ ধরতে এসেছি। আসলে মাছ না পেলেও অনেক আনন্দ করেছি।”
লিটন বিশ্বাস জানান, “বিলে মাছ ধরার মাইকিং শুনে এসেছি। অনেক মানুষ দেখে খুব ভালো লাগছে। অনেকদিন এভাবে মাছ ধরিনি। প্রতিবছর এই ধরনের আয়োজন করা হলে ভালো হবে।”
খবর পেয়ে মাছ ধরা দেখতে বিলে এসেছেন গৃহবধূ বৃষ্টি আক্তার। জানান, ছোটবেলায় কখনো পলো দিয়ে মাছ ধরতে দেখেননি তিনি। প্রথমবারের পলো দিয়ে অনেক মানুষ একসঙ্গে মাছ ধরা দেখতে পেয়ে আনন্দিত এই গৃহবধূ।
মাছ ধরার কথা শুনে বৃহস্পতিবার পলো কিনেছেন রুবেল মুন্সি। তিনি বলেন, এই উৎসবের কারণে একটু দাম বেশি দিয়ে পলো কিনতে হয়েছে। ২০০ টাকার পলো ৪০০ টাকা দিয়ে কিনেছেন তিনি।
আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসনের আন্তরিকতা থাকলে উন্মুক্ত জলাশয়ে কেউ কারেন্ট জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে দেশি মাছের বিস্তার ধ্বংস করতে পারত না।
আয়োজক মুরাদ হোসেন জানান, ‘পলো উৎসব’ ঘিরে দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়েছে। হারিয়ে যাওয়া এমন উৎসবে যোগ দিয়েছে হাজারো মানুষ।
নিষিদ্ধ কারেন্ট জাল, ভেসাল ও চায়না দুয়ারি জাল দিয়ে বিলে মাছ ধরার কারণে হারিয়ে যেতে বসেছে দেশি প্রজাতির মাছ। তবে প্রশাসন কঠোর ভূমিকা নিলে এলাকার খাল-বিলগুলো আবার দেশি মাছে ভরে উঠবে।
প্রতিবছর এ ধরনের আয়োজন করতে সকলের সহযোগিতা চেয়েছেন আয়োজকরা।
