Published : 23 Nov 2025, 04:21 PM
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ এক কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকা থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ-থানার ওসি এ এস এম ইকবাল হোসেন জানান।
নিহত ১২ বছর বয়সী ফারজানা আক্তার ফাতেমা চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে।
তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।
ফারজানা গত বুধবার বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় বলে তার বাবা আলী হোসেন জাানিয়েছেন ।
স্থানীয়রা বলছে, সকালে এক জেলে কচুরিপানার মধ্যে এক কিশোরীর মরদহ দেখে পাড়ের লোকজনকে জানায়। পরে তারা বিষয়টি থানায় জানালে নৌ-পুলিশ গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।
পরে মেয়েটির বাবা আলী হোসেন ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে মরদেহ সনাক্ত করেন।
চাঁদপুর নৌ-থানার এসআই বিল্লাল হোসেন আজাদ বলেন, “গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
“ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।”
ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি ইকবাল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।