Published : 13 Jul 2026, 10:04 PM
কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে চার জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।
সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান।
এ ঘটনায় সাত জেলে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মো. সাগর, মো. করিম ও মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়া এলাকার কামাল হোসেন।
নিখোঁজ জেলের নাম নাছির উদ্দীন। তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।
কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, রোববার সকালে কুতুবদিয়ার অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামে একটি মাছ ধরার ট্রলার ১২ জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরের দিকে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় সাত জেলে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হন। বাকি পাঁচজন নিখোঁজ হন।
আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। তখন এর ভেতর চার জেলের মরদেহ পাওয়া যায়। তবে নাছির উদ্দীন এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, জীবিত উদ্ধার হওয়া সাতজনের মধ্যে তিনজন এরই মধ্যে কুতুবদিয়ায় ফিরে এসেছেন। অন্য চারজন একটি ট্রলারে অবস্থান করছেন। তারা নিখোঁজ জেলেকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।