১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়িক মন্দা: আশুলিয়ায় একদিনে ৫৬৫ শ্রমিক ছাঁটাই

‘অ্যালায়েন্স নীট কম্পোজিট লিমিটেড’ শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 12:01 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ব্যবসায়িক মন্দা ও ব্যাংকিং সহযোগিতা না পাওয়ায় সাভারের আশুলিয়ার একটি গেঞ্জি তৈরির কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘অ্যালায়েন্স নীট কম্পোজিট লিমিটেড’ শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ দেয়।

শনিবার থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হবে বলে নোটিশে বলা হয়েছে।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানাবিধ কারণে বর্তমানে ফ্যাক্টরিতে মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রয়োজনীয় ব্যাংকিং আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কাজের স্বল্পতা থাকায় ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

এ অবস্থায় ফ্যাক্টরির অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে অতিরিক্ত শ্রমিক হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ২০ মোতাবেক সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত হয়েছে।

নোটিশে বলা হয়, ছাঁটাই করা সব শ্রমিককে তাদের চাকরির মেয়াদকাল অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ২০ এর উপ-ধারা (২) মোতাবেক যাবতীয় আইনগত পাওনা ও সম্পূর্ণ ক্ষতিপূরণ, আইনে উল্লেখিত সময়ের মধ্যে পরিশোধ করা হবে। 

এ ছাড়া শ্রম আইনের ধারা ২১ অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে ফ্যাক্টরির কাজের পরিধি বৃদ্ধি পেলে বা পুনরায় নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে, ছাঁটাই করা এই শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় কাজে যোগদানের সুযোগ দিবে কর্তৃপক্ষ।

সাপ্তাহিক ছুটির দিনে মোবাইল ফোনে শ্রমিকদের খুদে বার্তার মাধ্যমে ছাঁটাইয়ের খবর জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এভাবে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় তীব্র ‌‌ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু। তিনি বলেন, এমনিতেই সাভার-আশুলিয়া অঞ্চলে হাজার হাজার শ্রমিক বেকার। তার উপর এই শ্রমিকদের ছাঁটাই অমানবিক।

তিনি বলেন, নোটিশের যে বক্তব্য দেওয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে অসন্তোষ বিশৃঙ্খলা ভাঙচুর সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে কর্তৃপক্ষ।

শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে জানতে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।