২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের ভিডিও ভাইরাল

উপজেলা ছাত্রদল এবং জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের সমর্থকদের মধ্যে গত রোববার এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
নরসিংদীর পলাশে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় এই যুবককে গুলি করতে দেখা যায়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

উপজেলা ছাত্রদল এবং জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের সমর্থকদের মধ্যে গত রোববারের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিওটি নজরে এসেছে বলে পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান।   

বৃহস্পতিবার বিকালে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখাসহ গুলিবর্ষণকারী ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

ওই দিনের সংঘর্ষে ছাত্রদল কর্মী ইসমাঈল মিয়া ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। এ সময় আরও কয়েকজন আহত হন। 

সংঘর্ষের সময় রাস্তার পাশের একটি ভবন হতে এক ব্যক্তি নিজের মোবাইলে ভিডিও ধারণ করেন এবং পরে সেটি ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়। 

ভাইরাল হওয়া তিন মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একদল যুবক দেশীয় অস্ত্র দা, ছুরি, লাঠি ও পিস্তল নিয়ে দৌড়ে প্রতিপক্ষকে ধাওয়া করছে। এ সময় তারা ‘গুলি কর, গুলি কর’ বলে দৌড়াচ্ছিল। সেসময় গোলাপি রংয়ের টি-শার্ট পরিহিত এক যুবককে পিস্তল বের করে গুলি করতে দেখা যায়। 

ভিডিওটি পলাশ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট দিতে দেখা যায়। তাদের দাবি, গুলিবর্ষণকারী ফজলুর কবির জুয়েলের সমর্থক।  

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “ছাত্রদলের শান্তি মিছিলে জুয়েলের সরাসরি নেতৃত্বে গুলিবর্ষণ ও জনমনে আতঙ্ক তৈরি করতে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।” 

এ বিষয়ে ফজলুর কবির জুয়েলের বক্তব্য জানার চেষ্টা চলছে।