১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিগত সরকারের গাফিলতিতে সময়মতো হামের টিকা আসেনি: প্রতিমন্ত্রী টুকু

“প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকার ব্যবস্থা করেছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 01:23 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বিগত সরকারের গাফিলতির কারণেই দেশে সঠিক সময়ে হামের টিকা আনা সম্ভব হয়নি বলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।  

সালাউদ্দিন টুকু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকার ব্যবস্থা করেছে।” এ উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল।”

জনস্বাস্থ্যের প্রতি এমন অবহেলার জন্য তিনি সাবেক সরকারের তীব্র নিন্দাও জানান।

টুকু বলেন বলেন, “বর্তমান সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে ইতোমধ্যেই সারাদেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”

শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, “মানুষের জীবনে স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।”

তিনি সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের অবহেলা না করার পাশাপাশি আগামী দিনে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়ানোর আহ্বান জানান।

টিকাদান ক্যাম্পেইনে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলার ৩৯০টি ওয়ার্ডে ৩ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশু হাম-রুবেলার টিকা পাবে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩ হাজার ১২০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এ কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।