গাজীপুরে কারখানার দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
তিনি কারখানাটিতে প্রিন্টিং ইনচার্জ ছিলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি কারখানার পুরনো দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার বহেরারচালা গ্রামের লান্তাবুর অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
নিহত বেলাল হোসেন (৩৫) নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি কারখানাটিতে প্রিন্টিং ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
শ্রমিকরা জানান, বহুদিন ধরে কারখানার পেছনের দেয়ালটি নড়বড়ে অবস্থায় রয়েছে। সকালে ওই দেয়ালের পাশ দিয়ে বেলালসহ আরও কয়েকজন কাজে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ধসে বেলাল চাপা পড়েন।
বেলালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভালুকায় পৌঁছলে তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান ওসি আব্দুল বারিক।
