শেরপুরে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘ঋণের চাপে আত্মহত্যা’
“ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চাপে ছিলেন ব্যাংকের ওই নিরাপত্তা কর্মী।”
শেরপুর সদর উপজেলায় একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মানসিক চাপ থেকে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।
সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন।
মৃত ৬৪ বছর বয়সী সৈয়দ হুমায়ুন কবির বাবু বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতখিলা শাখার অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মী। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে বাবুর ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি সোহেল রানা বলেন, “ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চাপে ছিলেন ব্যাংকের ওই নিরাপত্তা কর্মী। এ কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
শনিবার রাতের কোনো এক সময় তিনি গাছে উঠে রশি দিয়ে গলায় ফাঁসি দেন বলেও ধারণা এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
