Published : 02 Jun 2026, 05:28 PM
নেত্রকোণা সদরের বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার চল্লিশা এলাকায় বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
নিহত ফয়সাল মিয়া (১৮) বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই বামনিকোণা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রদর বরাতে পুলিশ জানিয়েছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ফয়সাল মারা যান।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, “হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”