১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরাইলে ‘মাদক কেনাবেচায় বাধা’ দেওয়া নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কিশোরের

ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দিলে যুবক টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 01:04 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ‘মাদক কেনাবেচায়’ বাধা দেওয়ার জের ধরে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন।

শুক্রবার রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া। 

নিহত মো. রায়হান (১৫) উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীদের বরাতে ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সুজন মিয়া নামের এক যুবক আরেক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। 

কিন্তু সেই যুবক টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। 

বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন সুজন মিয়ার কাছে মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সুজনের পক্ষ নিয়ে এলাকার আরো দুই যুবক তর্ক-বিতর্কে জড়ায়।

ওসি বলেন, এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

এ বিষয়ে চেষ্টা করেও সুজন মিয়ার বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।  

এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের।