সরকারি হল দিঘলিয়ার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়
এ নিয়ে গত তিন মাসে নয়টি স্কুল সরকারি করা হল।
খুলনার দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ নিয়ে গত তিন মাসে নয়টি স্কুল সরকারি করা হল।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে এবং আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না।
গত ৯ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।
এরপর ১০ মার্চ রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় এবং ২৫ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সর্বশেষ গত ১৯ মে শিক্ষা মন্ত্রণালয় নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ভর্তির মৌসুমে দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। তিন মাসে নয়টি স্কুল সরকারি হওয়ায় সেই সংখ্যা ৬৮৯টি হল।
