১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের

ময়মনসিংহে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 01:16 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা। 

শনিবার সকালে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।   

এ সময় আন্দোলন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক এহসানুল কবীর বলেন,  দেশের ৩৩০টি সরকারি কলেজে কয়েক হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৩০ বছরের অধিক সময় ধরে বেসরকারিভাবে চাকরি করছেন। 

“এর মধ্যে ২০১৩ এবং ২০২৩ সালে পাঁচ হাজার ৯০০ জনকে সরকার সার্কুলার দিয়ে বাহির থেকে নিয়োগ দিয়েছে। তখনও তাদের বিষয়ে বিবেচনা করা হয়নি।”

তিনি আরও বলেন, এই বিপুল সংখ্যক কর্মচারীকে এখন পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। তাই দ্রুত চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।” 

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 

তাদের অন্য দাবিগুলো হল, চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান, দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যতিরেকে সরকারি বেসরকারি নিয়োগ বন্ধ করা।  

এছাড়া অস্থায়ীভাবে কর্মরতদের ছাঁটাই বন্ধ করতে হবে, কল্যাণকর নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মচারীদের ভবিষ্যৎ উন্নয়ন ও চাকুরির নিরাপত্তা প্রদান করার দাবি জানিয়েছেন তারা। 

মানববন্ধন আরও বক্তৃতা করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ফরিদুল ইসলাম, রুহুল আমিন সরদার, বিভাগীয় সভাপতি আরজু শেখ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সুমনসহ বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। 

পরে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনেও দাবিগুলো তুলে ধরেন তারা।