Published : 12 Jul 2026, 10:16 AM
চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিন সন্দেহভাজন `মাদক কারবারি’। তবে পালানোর সময় মোটরসাইকালে থাকা ব্যাগ ছিঁড়ে সড়কে ছড়িয়ে পড়ে ইয়াবার প্যাকেট।
শনিবার সন্ধ্যায় শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান, সদর থানার ওসি একরামুল হোসেন।
পরে ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
ওসি একরামুল বলেন, “পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছিল।
“এ সময় একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা সেটি ফেলে পালিয়ে যান। তাদের একজন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪)। তার সঙ্গে থাকা আরও দুজনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”
ওসি আরও বলেন, “পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে গেলে ভেতরে থাকা ইয়াবার প্যাকেট সড়কে ছড়িয়ে পড়ে।”
পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে সেখান থেকে সাত হাজার ইয়াবা এবং একটি নীল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি ।