১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাঁঠাল নিয়ে দ্বন্দ্ব: ‘দেবরের ছুরিকাঘাতে’ ভাবি খুন

“কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব একটি ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

মানিকগঞ্জের ঘিওরের গাছের কাঁঠাল নেওয়াকে কেন্দ্র করে দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের নালী বেরি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঘিওর থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহত গৃহবধূর নাম শোভা বেগম (৩৫) নালী গ্রামের নীলচান মিয়ার ছেলে সালামের স্ত্রী এবং হরিরামপুর উপজেলার উত্তর চানঁপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে।

ঘটনার পর থেকে শোভার দেবর রাকিব (২৮) পলাতক রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সালাম ও রাকিব দুই ভাই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন।

“শুক্রবার সকালে সালামের স্ত্রী শোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলতে গেলে রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়।”

এক পর্যায়ে রাকিব একটি ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই শোভার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।