Published : 14 Dec 2025, 08:27 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করায় ‘জীবন শঙ্কার’ মুখে পড়ার অভিযোগ করছেন এক সম্ভাব্য প্রার্থী।
দৈনিক ঢাকা টাইমস সম্পাদক, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তার জীবন নিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছেন।
মায়ের নির্দেশে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে পোস্টে তিনি বলেন, “তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে কেউ কেউ।”
দোলনের দাবি, “নাসির ভাই (বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম) ইতোমধ্যে একটি গোপন পরিকল্পনা করেছেন, যা আমি একাধিক সূত্রে নিশ্চিত হয়েছি। তিনি তার দুষ্টু অনুসারীদের বলেছেন, একটি নাশকতা ঘটিয়ে সেই ঘটনায় আমাকে ও আমার কিছু শুভাকাঙ্ক্ষীর নামে মামলা করবেন।”
দোলন অভিযোগ করে বলেন, “আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং খুন করার পরিকল্পনাও রয়েছে।”
এ প্রেক্ষিতে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সব গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে ফরিদপুর-১ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সর্বোচ্চ নজরদারি, সতর্কতা ও পর্যাপ্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের অনুরোধ জানান তিনি ।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক ও সম্পাদক। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সব সময় শতভাগ অহিংস নীতি অবলম্বন করি। কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি- এটা শোনার পর বিএনপির ঘোষিত প্রার্থী ও তার কতিপয় সমর্থক বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।”
দোলন আরও বলেন, “এখন যেভাবে নাসির ভাই আমাকে রাজনৈতিক ট্যাগ দিতে উঠে-পড়ে লেগেছেন, সেটার একমাত্র কারণ আমি তার সঙ্গে কাজ করতে চাইনি।”
দীর্ঘ পোস্টে আরিফুর রহমান দোলন আরও বলেন, “আমি প্রার্থী হলে নাসির ভাইয়ের রোষানলে পড়ে খুন হয়ে যেতে পারি। রাষ্ট্র, সরকার এবং সর্বোপরি ফরিদপুর-১ আসনের জনগণকে জানিয়ে রাখলাম- মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার স্বার্থে আমি ফরিদপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।”
পরে ফেইসবুকে দেওয়া পোস্ট নিয়ে জানতে চাইলে আরিফুর রহমান দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করবেন। তার প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে নাসিরুল ইসলামের ঘনিষ্ঠজন বলে পরিচিত বোয়ালমারী বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দোলন আওয়ামী লীগের দোসর। তার ওপর আমাদের প্রার্থীর বা দলের পক্ষ থেকে কোনো হুমকি নেই।
“বরং নিজের অতীত কর্মকাণ্ডের জন্য তিনি জনগণের হুমকির মুখে আছেন। তাই তিনি নিজেকে সেইফ রাখার জন্য আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।”