১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ক্ষমতা ছাড়ার আগে কৃষি আইন করে দিয়ে যাব: জাহাঙ্গীর আলম

পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জনের আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা।

ক্ষমতা ছাড়ার আগে কৃষি আইন করে দিয়ে যাব: জাহাঙ্গীর আলম
মানিকগঞ্জের সিংগাইরে ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ক্ষমতা ছাড়ার আগে কৃষি আইন করে যাওয়ার কথা বলেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেছেন, “আপনারা জানেন আমাদের সময় খুব একটা বেশি দিন নাই। এর আগেই আমরা একটা কৃষি আইন করে দিয়ে যাব।” 

বুধবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষি জমি যাতে অন্য কোনো কাজে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলে জাহাঙ্গীর আলম বলেন, “রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে জমির মালিককে তিনগুণ দাম দিতে হয়, তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।” 

পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবে। এ জন্য পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

“আগে দেখেছেন আমাদের বাপ-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন। ওইরকম আপনারাও করবেন, দেখবেন আমাদের কৃষিরও উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জিনিস হবে।”

কৃষকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, “জমির টপ সয়েল ইট ভাটার মালিকদের কাছে বিক্রি করে দেওয়া খুবি অন্যায় কাজ। জমির উপরের যে মাটিটা আপনারা দিয়ে দেন, ওইটাকে আমরা দোআঁশ মাটি বলি। এটা নষ্ট করলে উৎপাদন ব্যাহত হয়।”

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা রবীআহ নূরসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।