১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

একসঙ্গে থাকা দুই বন্ধু তাকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

‘তুচ্ছ ঘটনার জেরে’ নরসিংদী সদর উপজেলায় কাপড়ের দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক।

নিহত মো. মোজাম্মেল (২০) রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শহরের হাজীপুরে একটি বাসায় ভাড়া থেকে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোজ্জাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই যুবক দা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি এমদাদুল হক বলেন, “মোজাম্মেলের সঙ্গে তার দুই বন্ধু কাউছার ও রাকিব শহরের একটি মার্কেটে পাশাপাশি কাপড়ের দোকানের কর্মচারী। হাজীপুরে তারা একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

“রাতে খাওয়ার পর একে অপরের শরীরে খাবার পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে সকালে দুই বন্ধু মোজাম্মেলকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।