১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপির ২ প্রার্থীসহ ৩ জনকে ‘শোকজ’

উল্লাপাড়া ও কাজিপুর থানা পুলিশ জানিয়েছেন, তাদের থানার মাধ্যমে নোটিশ প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপির ২ প্রার্থীসহ ৩ জনকে ‘শোকজ’
সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী এম. আকবর আলী এবং অধ্যক্ষ মহসিন রেজা বিপু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

এ ছাড়া বেসরকারি ও সরকারি চাকরিবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এক কলেজ অধ্যক্ষকে।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানদের স্বাক্ষরিত পত্রে এসব নোটিশ দেওয়া হয়। 

সিরাজগঞ্জ-১ আসনের কমিটির চেয়ারম্যান যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শারমিন আক্তার এবং সিরাজগঞ্জ-৪ আসনে চেয়ারম্যান শাহজাদপুর আদালতের সিভিল জজ শানু আকন্দ।

উল্লাপাড়া থানার ওসি রুপু কর এবং কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানিয়েছেন, তাদের থানার মাধ্যমে নোটিশ প্রার্থীর কাছে পাঠানো হয়েছে। 

নোটিশ প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ও তার ছোট ভাই কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু এবং সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী।

বুধবার স্বাক্ষরিত সিরাজগঞ্জ-১ এর নোটিশে বলা হয়েছে, এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনূর আলম অভিযোগ করেছেন ১২ জানুয়ারি সকালে গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বাজার সংলগ্ন বকুল চেয়ারম্যানের বাড়িতে একই আসনের প্রার্থী সেলিম রেজার পক্ষে তার ভাই অধ্যক্ষ মহসিন রেজা বিপু উপজেলার অন্যান্য কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা করেছেন। 

যা রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬ (গ) ও ১৮ ধারার লঙ্ঘন ও এখতিয়ার বহির্ভূত। 

কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না তা নোটিশে জানতে চাওয়া হয়েছে। 

এজন্য আগামী ২৫ জানুয়ারি বেলা ১২টায় অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য অথবা ব্যাখা দিতে বলা হয়েছে। এছাড়া কাজিপুর থানার ওসিকে নোটিশকারীর কাছে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার স্বাক্ষরিত সিরাজগঞ্জ-৪ আসনের নোটিশে বলা হয়েছে, নির্বাচনি প্রচার শুরুর নির্ধারিত দিনের তিনদিন আগে ২০ জানুয়ারি বিকালে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর স্ত্রী লায়ন মোমেনা আলী স্বামীর পক্ষে নির্বাচনি প্রচার চালিয়েছেন। 

উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেল সাজিয়ে জনসমাবেশ করে মাইকে নির্বাচনি প্রচার করেছেন তিনি। 

যা রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়ায় বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।

এজন্য আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টায় অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য অথবা ব্যাখা দিতে বলা হয়েছে। 

এছাড়া এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসিকে নোটিশকারীর নিকট প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।