ফরিদপুরে পাচারের সময় ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২
জব্দ করা এসব চাল সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের।
ফরিদপুর সদরে পাচারের সময় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান।
আটক ট্রাকচালক শেখ জাফর উপজেলার বাখুণ্ডা এলাকার শেখ জালালের ছেলে। অপর আটক সুমন চোকদার পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে; তিনি চালকের সহকারী।
ওসি হাসানুজ্জামান বলেন, “গোপন খবরে জানতে পারি, সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচার করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটিতে ২০ টন চাল পাওয়া যায়।”
পরে চালসহ ট্রাক ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “ট্রাকের চালকসহ আটক হওয়া দুইজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।”
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, “জব্দ করা চালগুলো আমাদের না। এসব জিআর খাতের চাল; যা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে দেওয়া হয়েছিল।
“হয়ত কয়েকজন একসঙ্গে চালগুলো ট্রাকে করে নিচ্ছিলেন। তবে, এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখব।”
