খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে মধ্যরাতে অভিযান, জরিমানা
“অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।”
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার অভিযোগে মধ্যরাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
এসময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. আরিফকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ (খ) এর বিধান লংঘনের কারণে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও কাজী শামীম বলেন, “অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধসে সম্পদের ক্ষতিসাধনের পাশপাপাশি অনেক সময় প্রাণহানিরও ঘটনা ঘটছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটায় যারা যারা জড়িত তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।”
