শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত
নিহত শান্তের বাবা আবুল কাশেমও কয়েকবছর আগে একই এলাকায় বাস দুর্ঘটনায় মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শেরপুর-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার এসআই আবুল হাশেম।
নিহত শান্ত মিয়া (১৭) ঝিনাইগাতী বাজারের সদর গরুহাটির বাসিন্দা প্রয়াত আবুল কাশেমের একমাত্র ছেলে। আবুল কাশেমও কয়েকবছর আগে একই এলাকায় বাস দুর্ঘটনায় মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে এসআই আবুল হাশেম বলেন, সন্ধ্যায় বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শনিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান এসআই আবুল হাশেম।
