Published : 22 Dec 2025, 09:54 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
সোমবার সকালে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চুন্নুর পক্ষে তার ভাতিজা এ কে এস জামান সম্রাট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিন বিকালে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
চলতি বছরের অগাস্টে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করে জাতীয় পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করা হয়। পরে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি (মঞ্জু) সহ সমমনা আরও কয়েকটি দলকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করা হয়।
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই সময় করিমগঞ্জ ও তাড়াইলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল হয়। এরপর থেকে তিনি আর নির্বাচনি এলাকায় যাননি।
কিশোরগঞ্জ-৩ আসন থেকে চুন্নু ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে মন্ত্রী এবং বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।