১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

“মোম ট্রেডার্সের মালিক জামিনুর রহমান দাবি করেন, তিনি এই চাল রসিদ মূলে ক্রয় করেছেন।”

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয় বলে বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানান।

তিনি জানান, ৩ অগাস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে ২২.১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দের ১৬ মেট্রিক টন (৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের ছয়আনী বাজার চাল পট্টির মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক আমিনুল ইসলামের কাছ থেকে বীরগঞ্জ উপজেলার ব্যবসায়ী জামিনুর রহমান ক্রয় করে তার গুদামে মজুদ রাখেন। 

“মোম ট্রেডার্সের মালিক জামিনুর রহমান দাবি করেছেন, তিনি এই চাল রসিদ মূলে ক্রয় করেছেন। তবে ডিও গ্রহিতা নিয়ম-নীতি না মেনে চাল বিক্রয় করেছেন এবং সে কারণে প্রাথমিকভাবে এই চালের মজুদ অবৈধ বলে প্রতীয়মান হওয়া চাল জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে।”

মাহামুদুল হাসান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশ মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু বলেন, “বস্তাগুলিতে খাদ্য অধিদপ্তর এবং নেট ওজন ৩০ কেজি লেখা রয়েছে। জব্দকৃত চালের ডিও দেখে জানতে পারি, চালগুলো টাঙ্গাইল আনসারকে দেওয়া হয়। পরে সেই চাল নিলয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে দেয়; যা বীরগঞ্জের ব্যবসায়ী জামিনুর ক্রয় করেন।”