Published : 17 Dec 2024, 01:59 PM
রাজবাড়ীতে বাড়ির সামনে খেলা করার সময় মাটিবাহী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর শহরের ভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী থানার এসআই সোহেবুর রহমান।
নিহত তিন বছর বয়সী তানজিলা ওই এলাকার ইকলাসের মেয়ে।
স্থানীয়দের বরাতে এসআই সোহেবুর রহমান বলেন, সকালে শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এসময় একটি মাটিবাহী ট্রাক ঘোরানোর সময় শিশুটি চাকার নিচে চাপা পড়ে। দ্রুত পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক পাটোয়ারী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে রাজবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এসআই সোহেবুর বলেন, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে বলে জানান তিনি।