২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কোটা: সাভার-আশুলিয়ায় ১১ মামলায় আসামি সাড়ে ৫ হাজার

এসব মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোটা: সাভার-আশুলিয়ায় ১১ মামলায় আসামি সাড়ে ৫ হাজার
প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 01:55 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক ১১টি মামলা হয়েছে।

গত কয়েকদিনে পর্যায়ক্রমে সাভার মডেল থানায় আটটি ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে বুধবার রাতে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী জানান।

এ সব মামলায় প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “গত দুইদিন অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

পুলিশ বলছে, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি-জামায়াতের একাধিক নেতার নাম রয়েছে প্রত‍্যেকটি মামলায়।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারে ব্যাপক সংসহিতার ঘটনা ঘটে। ওই সময় সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও ট্রাকে আগুন দেওয়া হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. ইউসুফ বলেন, “কোটা সংস্কারের আন্দোলনের ঘটনা নিয়ে সহিংসতায় মঙ্গলবার রাত পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, রিকশা চালক, শ্রমিক ও পথচারীসহ নয় জনের মৃত্যু হয়েছে।”