দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ
“তবে কেউ গুরুতর নয়। কারো পিঠ, কারো পায়ের কিছু অংশ দগ্ধ হয়েছে।”
দিনাজপুর শহরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকার লেবুরে মোড়ে আনিসুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানান।
দগ্ধরা হলেন- শুভ ইসলাম (৩৩), হাসির ইসলাম (৩০) ও রফিকুল ইসলাম (৪৫)।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওবায়দুর বলেন, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। পরিবারের লোকজনের অসাবধানতার কারণে রান্নাঘরে আগুন জ্বালালে লিকেজ হওয়া গ্যাস থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়।
এতে ঘরে থাকা পরিবারের তিনজন দগ্ধ হয়। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওবায়দুর রহমান বলেন, “তবে কেউ গুরুতর নয়। কারো পিঠ, কারো পায়ের কিছু অংশ দগ্ধ হয়েছে।”
