১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‎বঙ্গোপসাগরে ঝড়ে ভোলার ট্রলার ডুবি, জেলে নিখোঁজ

“অন্য ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানুরকে আর খুঁজে পাওয়া যায়নি।”

বিডিনিউজ২৪

‎ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

‎বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

‎সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চরফ্যাশন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। 

নিখোঁজ মো. মিজানুর রহমান (৩১) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিজলের ছেলে।

‎ট্রলারের মালিক খোরশেদ মাঝি বলেন, রোববার সন্ধ্যায় আটজন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে বের হয়েছিলেন তারা। জাল ফেলার পর সেটি তোলার আগে সোমবার রাত ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 

“পরে অন্য ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানুরকে আর খুঁজে পাওয়া যায়নি।”

‎এদিকে নিখোঁজ জেলের খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী-সন্তান, মা-বাবা ও স্বজনরা এখন তাকিয়ে আছেন সাগরের দিকে হয়তো ফিরবেন তাদের মিজানুর।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “খবর পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”