Published : 22 Jul 2025, 09:09 PM
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রি মারা গেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।
নিহতরা হলেন- জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং একই গ্রামের জোনাব মণ্ডলের ছেলে জদু মণ্ডল (৫০)। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রইচ উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্মাণাধীণ সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান জদু। তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে জ্ঞান হারায় ভাতিজা মোশাররফ।
খবর পেয়ে মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালেহ মাহাদী জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।
ওসি সাইফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।