২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খুলনায় ১৫ স্থানে টিসিবির ট্রাক, সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে ভিড়

সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 06:28 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

রমজান উপলক্ষে খুলনায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য নিতে মানুষের ভিড় দেখা গেছে। 

রোজা শুরুর পর নগরের ১৫টি পয়েন্টে ১৫টি ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা ও খজুর বিক্রি করেছে টিসিবি। নিত্যপণ্যের চড়া বাজারের কারণে অল্প দামে খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে শত শত মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। 

আবার লাইনে দাঁড়িয়ে অনেককে ধাক্কাধাক্কি ও ট্রাকের পেছনে দৌড়ে পণ্য নিতে দেখা গেছে। রমজান মাসজুড়ে টিসিবি এই কার্যক্রম চলবে। 

টিসিবি বলছে, নগরের ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো- বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেস ক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজার, রূপসা ব্রিজের নিচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমি।

প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারছেন। প্রতিটি প্যাকেজে থাকছে ২ লিটার তেল ২৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা, ২ কেজি ডাল ১৪০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা এবং ৫০০ গ্রাম খেজুর ৮০ টাকা। 

টিসিবির পণ্য নিতে আসা ক্রেতারা বলছেন, এবার রোজার আগেই প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। যেসব পণ্যের দাম এক-দুই মাস আগেও কম ছিল, তা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। চড়া বাজারের এমন পরিস্থিতিতে অল্প দামে এসব খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে ভিড় করেছেন তারা।

ক্রেতারা বলেন, বাজারে এক লিটার তেল ১৯৫ টাকা। কিন্তু এখানে এক লিটার তেল ১১৫ টাকা। বাজারে নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। কিন্তু টিসিবি দিচ্ছে ১৬০ টাকায়। এটা অনেক সাশ্রয়ী। চিনি ও ছোলার দামও বাজার দরের চেয়ে অনেক কম। যা দরিদ্র মানুষের জন্য খুবই সহায়ক। 

খুলনা টিসিবির আঞ্চলিক পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। ফ্যামেলি কার্ডের বাইরেও সাধারণ মানুষ এই পণ্য কিনতে পারছেন। এক্ষেত্রে কোনও কিছুর প্রয়োজন হবে না। ট্রাক সেলে পণ্যের সঙ্গে যুক্ত রয়েছে ছোলা এবং আধা কেজি খেজুর।