Published : 15 Aug 2026, 09:57 AM
মানিকগঞ্জ সদর উপজেলা এক স্বর্ণ ব্যবসায়ীসহ তিনজনকে কুপিয়ে রুপা, স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মনির হোসেন।
আহত পতিত প্রবণ শীল (৭৩) পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি পূর্ব শানবান্দা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। তার সঙ্গে ছেলে প্রবীর কুমার শীল (৩২) আহত হন। তাদের সহায়তা করতে এগিয়ে এলে আহত হন একই এলাকার মনোরঞ্জন পালও (৫০)।
আহত তিনজনকেই প্রাথমিক চিকিৎসার জন্য তিনজনকেই রাতেই মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও আহতদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা একটি ফাঁকা গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ আহত হননি।
ওসি মো. মনির হোসেন বলেন, “প্রাথমিকভাবে তদন্তে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হয়েছে। ভারী কিছু দিয়ে তাদের আঘাত করা হলেও গুলিতে কেউ আহত হয়নি। গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা বলে অভিযোগ করেছে।”
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।