১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে সুনেন্টু-এল্টন

পিসিপির ২৩তম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে সুনেন্টু-এল্টন
সুনেন্টু চাকমা এবং এল্টন চাকমা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপির ২৩তম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুনেন্টু চাকমাকে সভাপতি এবং এল্টন চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার বিকালে সংগঠনটির কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবরণ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের তেতুলতলা কমিউনিটি সেন্টারে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা। আলোচনা করেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা।

এতে সভাপতিত্ব করেন বিদায়ি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিশান চাকমা। সম্মেলনে পিসিপির জেলা, থানা, কলেজ ও ইউনিয়ন শাখার দুই শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক ছাত্র নেতা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারাও উপস্থিত ছিলেন।

পরে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সুনেন্টু চাকমাকে সভাপতি, এল্টন চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুমতি বিকাশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

নবগঠিত কমিটির নেতারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।