Published : 31 Jul 2025, 06:26 PM
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বোর্ডিং ব্রিজের’ চাকা ফেটে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান।
দুর্ঘটনায় আহত কর্মী রুম্মানকে (২৮) সিলেট নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান।
রুম্মান এয়ারপোর্ট এলাকার মছর মিয়ার ছেলে।
আর আহত কর্মী এনামুল হকও (২৪) একই এলাকার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ‘বোর্ডিং ব্রিজের’ চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়ে ফেটে যায়। তাতে দুই কর্মী আহত হন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে।”