২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় টানা দুই দিন বইছে মৃদু শৈত্যপ্রবাহ

এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুই দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

সকাল ও সন্ধ্যায় মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, ঠান্ডায় কাবু হয়ে ঘরে ফিরছেন তারা।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

তীব্র শীত থাকায় সবচেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। শহরে মানুষের উপস্থিতি কম থাকায় তাদের উপার্জনও কমে গেছে। এ ছাড়া শীতের কারণে নষ্ট হতে বসেছে ইরি ধানের বীজতলা। ঘন কুয়াশায় বীজতলা এবং অন্য ফসলের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

এদিকে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন বলেন, ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে থাকে। তবে মাসের প্রথম দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকলেও শেষের দিকে তা নিচে নেমে আসে। বর্তমানে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।