১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ‘অতিরিক্ত মদ্যপান’: একে একে ৩ জনের মৃত্যু

দুর্গাপূজার দশমীর দিন বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় স্থানীয় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় ‘অতিরিক্ত মদ্যপানে’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একে একে প্রাণ হারিয়েছেন তিনজন। হাসপাতালে আছেন আরও দুইজন। 

সর্বশেষ শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মানিক (২৫) মারা যান বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম। 

এর আগে একই হাসপাতালে মঙ্গলবার রাতে মিজানুর রহমান মণ্ডল (৫০) এবং বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম (২৭) মারা যান।

চিকিৎসাধীন রয়েছেন আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮)। তারা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি শফিকুল ইসলাম বলেন, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় স্থানীয় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেকে ভর্তি করেন। 

ওসি আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।