Published : 29 Apr 2026, 05:24 PM
কালবৈশাখী ঝড়ের কারণে লক্ষ্মীপুরে মেঘনা নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুর থেকে ভোলা নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ছোট লঞ্চ ও নৌযানও বন্ধ রাখা হয়েছে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান ও ফেরী ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম।
তবে যাত্রীর চাপ থাকায় দুপুরে ‘পারিজাত’ লঞ্চ মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে ভোলার ইলিশাঘাটের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর।
মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ পথে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে; এতে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয় বলে জানান তিনি।
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু এদিন সকাল থেকে ভোলা-বরিশালের প্রচুর যাত্রী ঘাটে অবস্থান নেয়। তাদেরকে ঘাটে ধরে রাখার মত পরিস্থিতি ছিল না। পরে দুপুর সোয়া ১২টার দিকে একটি লঞ্চ ছাড়া হয়। তবে ছোট লঞ্চ এবং ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
কালবৈশাখীর প্রভাবে লক্ষ্মীপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বজ্রসহ মাঝারি আকারের বৃষ্টি হয়। এরপর বৃষ্টি না হলেও আকাশ মেঘে ঢেকে আছে।