Published : 14 Dec 2025, 05:45 PM
শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশাল নগরীর শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
রোববার বেলা ১২টার দিকে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে শহীদ বেদীতে এ ঘটনা ঘটে।
বিএনপি নেত্রী নাসরিনের অভিযোগ, বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে তার ওপর হামলা করা হয়েছে। এতে তিনিসহ (নাসরিন) তিনজন আহত হয়েছেন।
তিনি বলেন, “বেদীতে যখন ঢুকতে ছিলাম। তখন আমার গায়ে হাত দিয়েছে। আমার ব্যানার ছিড়ে টুকরো টুকরো করেছে। ফুলের তোড়া ভেঙে ফেলেছে। আমাদের অনেক নেতাকর্মীর গায়ে হাত দিয়েছে।
ধানের শীষের প্রার্থীর সঙ্গে আসা ব্যক্তিরা হামলায় জড়িত অভিযোগ করে তিনি বলেন, “ছাত্রদলের তরিক, রাসেল কবির, মহানগর বিএনপির রতন ও বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বডিগার্ড আবু আমার গায়ে হাত দিয়েছে। “
নাসরিন বলেন, “গত ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। গত ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি। মামলা-হামলা করেও মাঠ থেকে সরাতে পারেনি।

“এখন দলীয় নেতাকর্মীরা কুচক্রি মহলের সঙ্গে এক হয়ে আমাদের উপর হামলা করছে। তারা বরিশালে বিশৃংখলা করছে। তারা ধানের শীষকে ডুবানোর জন্য এ কাজ করতেছে।”
বিচারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ দেয়ার কথাও জানিয়েছেন আফরোজা খানম নাসরিন।
তবে এ বিষয়ে বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের মোবাইলে কল করা হলেও সেটি বন্ধ থাকায় কথা বলা যায়নি।
তবে মজিবর রহমান সরোয়ারের ঘনিষ্ট অনুসারী ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, প্রার্থী সরোয়ারসহ তারা আগে বের হয়ে গিয়েছেন। হাজার হাজার লোকের মধ্যে ক্রসিংয়ের সময় হয়তো ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রতন বলেন, “বেদীতে ফুল দিয়ে যখন আমরা বের হচ্ছিলাম। তখন ধাক্কাধাক্কি হুড়োহুড়ির সময় সামনে যারা ছিল, তাদের গায়ে হয়তো হাত পড়ে গেছে। ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলিতে আমিও একজনের উপর পড়ে গেছি। এখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। এটা মিথ্যা ষড়যন্ত্র।”
রতন আরও বলেন, “মহানগর বিএনপির কর্মসূচি ছিলো। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে ছিলাম। সেখানে মহানগর বিএনপির নেত্রী হয়ে কেন একা ফুল দিতে আসবে? তিনি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এটা ঠিক না।”