মাদারীপুরে ‘গাঁজার আড্ডায়’ অভিযান, দুজনের কারাদণ্ড
এ সময় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদারীপুরের ডাসারে ‘গাঁজা সেবনের আড্ডায়’ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার বিকালে ডাসার থানাধীন গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালী এলাকায় এক বাড়িতে এ অভিযান চালানো করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ।
অভিযানে আটকরা হলেন, সৈয়দ আরিফুজ্জামান (৪০) এবং মো. সুজন সরদার (৩১)।
পরিদর্শক ফরহাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব পুয়ালী এলাকায় সৈয়দ আরিফুজ্জামানের বসতঘরে গাঁজা সেবনের আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদারীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সৈয়দ আরিফুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন সরদারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
