১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২৯০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 12:58 AM

Updated : 26 Aug 2026, 10:23 AM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমান ধানের উফশী বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলী মণ্ডল। 

কয়েক দিনের টানা বর্ষণে আবাদি আউশ, আমনের বীজতলা এবং রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার কৃষকদের উদ্দেশে বলেন, “আজ যে বীজ দেওয়া হয়েছে তা হিমাগারে রাখা হয়েছিলো। সেখান থেকে বের করে আনা হয়েছে। তাই এই বীজ ভিজানোর আগে রোদে শুকিয়ে নিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই ধান বীজতলায় ১৫-১৬ দিনের বেশি রাখা যাবে না। এটা বিশেষ বীজ। ১০০ দিনের মধ্যে এই বীজের ফলন আসে। যা আমন বীনা-১৭ নামে পরিচিত।”

ইউএনও মৌলি মণ্ডল বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে নেই। যে ক্ষতি আমাদের হয়ে গেছে তা কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। আপনাদের যে প্রণোদনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

এ সময় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।