১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় স্ত্রীর সামনে যুবককে গুলি ও জবাই করে হত্যা

করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

খুলনা নগরীতে স্ত্রীর সামনে এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। 

রোববার সন্ধ্যায় করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান। 

নিহত আলাউদ্দিন মৃধা (৩৫) ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে এবং করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন ও তার স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির উপর বসে কথা বলছিলেন। এ সময় পাঁচ-ছয়জন ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। দুটি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়।

এরপর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়।

এসআই সুমন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে সুরতহাল করা হবে।

আলাউদ্দিন দীর্ঘদিন মাদক মামলায় কারাগারে ছিলেন। ১০ দিন আগে কারাগার থেকে বের হন।

তার স্ত্রী নারগিস বেগম সাংবাদিকদের বলেন, তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়ার পর তার পা চেপে ধরে একজন জবাই করে এবং পরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। 

নারগিসের দাবি, “হামলাকারীদের মধ্যে একরাম, ইয়াসিনসহ আরও কয়েকজন ছিলেন। তাদের সঙ্গে পূর্বশত্রুতা রয়েছে।”

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলাউদ্দিন মৃধার বুকে ও পেটে গুলি লেগেছে। তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”