Published : 19 May 2026, 11:24 AM
ঝালকাঠির নলছিটিতে লাশ নিয়ে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় খাটিয়া বহনকারী চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দাফনের জন্য একটি মৃতদেহ খাটিয়ায় করে নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ মাটিতে পড়ে যায় এবং চারজন আহত হন।
আহতরা হলেন- মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাইগ্না মো. রেজা এবং মেয়ের ঘরের এক নাতি। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় চালু করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।