২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

টেকনাফের সৈকত ও নদী থেকে অর্ধগলিত ২ লাশ উদ্ধার

সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। আর নাফ নদীতে ভেসে আসা অপর মৃতদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

টেকনাফের সৈকত ও নদী থেকে অর্ধগলিত ২ লাশ উদ্ধার
মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার সংলগ্ন সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 10:39 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

একদিনেই কক্সবাজারের টেকনাফ উপজেলার সৈকতে ও নাফ নদীতে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

এর মধ্যে সমুদ্র সৈকতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। আর নাফ নদীতে ভেসে আসা অজ্ঞাত অপর মৃতদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। 

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, রোববার বিকাল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভের সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার শামীমা অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশন সংলগ্ন সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি বলেন, বিকালে জোয়ার শুরু হওয়ার সময় সাগরের ঢেউয়ের সঙ্গে সৈকতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। 

“মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের বেশি। তার শরীরের ট্যাটু আঁকা রয়েছে এবং দেহাবয়ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মত। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ফুলে-ফেঁপে গেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।” 

ওসি বলেন, মরদেহটি মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতে নিহত কোনো ব্যক্তির হতে পারে ধারণা স্থানীয়দের। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

অপরদিকে রোববার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় নাফ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান, টেকনাফ নৌ-পুলিশের পরিদর্শক তপন কুমার বিশ্বাস। 

তপন বলেন, জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। 

নৌ-পুলিশের এ পরিদর্শক বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, অন্তত কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। 

বিকালে নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তপন বিশ্বাস।