১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে ফের রেলপথ অবরোধ

“আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। অন্যথায় রেলের চাকা ঘুরবে না।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 02:11 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ ফের অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জব্বারের মোড় এলাকায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। 

এর আগে একই দাবিতে শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন। 

ওসি বলেন, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অবাস্তব ও বৈষম্যমূলক সময় নির্ধারণের প্রতিবাদে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী ‘আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস’ ট্রেন লাল কাপড় দেখিয়ে আটকে ফের রেললাইন অবরোধ করে পরীক্ষার্থীরা।

“এ সময় ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেয় শিক্ষার্থীরা।” 

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, “দাবি না মানা পর্যন্ত রেলের চাকা ঘুরবে না। শুধু আমরা নই, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় আজকে বৃহৎ আন্দোলন হচ্ছে।

“আমাদের দাবি রুটিন প্রকাশের অন্তত দুমাস পর পরীক্ষা হতে হবে। পিএসসি থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” 

মেহরাজ রাকিব নামে আরেক শিক্ষার্থী বলেন, “নতুন বাংলাদেশে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। অন্যথায় রেলের চাকা ঘুরবে না।”

আরও পড়ুন

বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধভোগান্তি