Published : 13 Feb 2026, 10:20 PM
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন নিহতের এক চাচি ও তার ছেলে। পলাতক রয়েছেন নিহতের চাচা।
শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের উত্তর নামকাইন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম।
নিহত স্বাধীন মিয়া (১৮) ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। আহত রোকেয়া বেগম (৫০) ও তার ছেলে হৃদয় সরদার হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রোকেয়া বাড়ির পাশে ছাই ফেলছিলেন। এ সময় ছাই উড়ে একই বাড়ির আব্দুস সোবান মিয়ার ছেলে সুজন মিয়া ঘরের দিকে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন রোকেয়াকে গালাগালি শুরু করেন। এ সময় রোকেয়ার ছেলে হৃদয় ঘটনার প্রতিবাদ করেন।
এতে সুজন আরও ক্ষিপ্ত হয়ে রোকেয়া ও হৃদয়কে ছুরিকাঘাত করেন। বিষয়টি দেখে স্বাধীন ফেরাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় সেভানে ভর্তি আছেন। তবে, রোকেয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আমিনুল ইসলাম বলেন, “স্বাধীন মিয়া সুজনের ভাতিজা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সুজন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”