Published : 30 Dec 2025, 01:09 PM
ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোষাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা।
প্রায় ৪০ মিনিট ধরে চলা অবরোধে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ শুরু হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা।
শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন অবরোধ করেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই অন্তত ৭০ জন শ্রমিককে ছাঁটাই করেছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিদর্শক সেলিম বাদশা বলেন, “ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ও শিল্প পুলিশের মধ্যস্থতায় তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা চলছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত আছে।