জাইমা রহমানকে নিয়ে ফেইসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে
পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানান।
বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ ফেইসবুক পোস্টের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কচুয়া হাকিম আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান।
শেখ রসুল ওরফে রফিকুল (২৪) কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।
কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার দুদিন পর শেখ রসুল ওরফে রফিকুল তার ফেইসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন।
পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল সোমবার রাতে কচুয়া উপজেলার বাঁধাল এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।
পর দিন তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
